ভিনিসিয়ুসকে পেতে মরিয়া আর্সেনাল, বড় অফার পাচ্ছেন এই ব্রাজিলিয়ান!

রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়ুস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন থামছেই না। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।

সর্বশেষ খবর অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রথম পছন্দ এখনো রিয়ালেই থাকা। তবে নতুন চুক্তি না হলে উত্তর লন্ডনে পাড়ি দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ব্যক্তিগত চুক্তির মৌলিক বিষয়গুলোতেও নাকি দুই পক্ষের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

রিয়ালে কিলিয়ান এমবাপের আগমনের পর থেকেই ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। দুজন মিলে গত দুই মৌসুমে ১৩০ গোল করলেও দলটি বড় কোনো শিরোপা জিততে পারেনি। অনেকের মতে, একই দলে এমবাপে, ভিনিসিয়ুস ও জুড বেলিংহামের মতো আক্রমণাত্মক ফুটবলার থাকায় কৌশলগত ভারসাম্য নষ্ট হচ্ছে।

এই পরিস্থিতিতে আর্সেনালে গেলে আক্রমণের মূল মুখ হয়ে ওঠার সুযোগ পাবেন ভিনিসিয়ুস। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রেও রাখা হবে তাকে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।